চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) ক্যাম্পাসগামী বিকেল ৫টার শাটল ট্রেন চট্টগ্রাম নগরীর ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারী শিক্ষার্থীর নাম ইসরাত ফাতেমা। তিনি বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাটল ট্রেন চট্টগ্রাম নগরীর ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে ছোঁড়া একটি পাথর ওই ছাত্রীর কপালে আঘাত করে। এতে তিনি আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি এসে তিনি অচেতন হয়ে পড়েন। সহযাত্রী শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক সেবা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
আহত শিক্ষার্থীর সহপাঠী মুনমুন বলেন, ক্যান্টনমেন্ট পার হওয়ার পর পরিত্যক্ত কিছু মাঠে সবসময় ছেলেপেলে খেলাধুলা করে, ওখানে ট্রেন পৌছাতেই বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়। পাথর ওর (ইসরাত ফাতেমা) মাথায় লেগে কেটে যায় এবং ফতেহাবাদ আসার পর সে অজ্ঞান হয়ে পড়ে। শাটল থেকে নেমে ওকে নিয়ে আমরা চবি মেডিকেলে আসি।
এ বিষয়ে চবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইয়াসমিন বলেন, তাকে আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথায় সে কান্না করছিল। ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে, তাকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকার জন্য বলা হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থীরা অভিযোগ করেন, শাটল ট্রেনে যাতায়াতের সময় প্রায়ই এ ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনার সম্মুখীন হতে হয় তাদের। বিষয়টি একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।