আদালতে কঙ্গনা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ পিএম

কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে কোনো কিছুতেই যেন আইনি জট কাটছে না। সেন্সর বোর্ড আটকে দিয়েছে সিনেমাটির ছাড়পত্র। যার কারণে মু্ক্তি পাচ্ছে না ছবিটি। এমনই অভিযোগ তুলে বোম্বে হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন ছবির নির্মাতারা।

সব ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার, ৬ সেপ্টেম্বরই প্রেক্ষাগৃহে দেখা যেত ইন্দিরা গান্ধীরূপী কঙ্গনা রানাউতকে। ছবিটি তারই পরিচালিত। চিত্রনাট্যও লিখেছেন সাংসদ-অভিনেত্রী। কিন্তু, তা সম্ভব হয়নি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের অনুমতি না মেলায়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বোম্বে হাই কোর্টে বিচারপতি বিপি কোলাবাওয়ালা এবং ফিরদোস পুনিওয়ালার ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে বলে জানা গেছে।

নির্মাতাদের দাবি, ছাড়পত্র থাকা সত্ত্বেও মুক্তির অনুমতি পাওয়া যাচ্ছে না। এ দিন সেন্সর বোর্ডের আইনজীবী অভিনব চন্দ্রচূড়কে জবাব দেওয়ার কথা জানিয়েছে ডিভিশন বেঞ্চ। জানা গেছে, ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে সেন্সর বোর্ড। কারণ, পরিস্থিতি সংবেদনশীল।

কঙ্গনার ‘ইমার্জেন্সি’নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। শিখ ভাবাবেগে আঘাত লাগছে বলে ইতিমধ্যেই আইনের দ্বারস্থ হয়েছে শিরোমণি অকালি দল-সহ বেশ কিছু শিখ সংগঠন। হুমকি পেয়েছেন স্বয়ং কঙ্গনা। এমনকি সেন্সর বোর্ডের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত