শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহিদদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার শহিদি মার্চ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। আগামীকাল বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে কেন্দ্রীয়ভাবে এই শহিদি মার্চ শুরু হবে।
সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা মনে করি, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে এখনই তাদের স্মরণ করার সময়। এজন্য আমরা আগামীকাল এক মাস পূর্তি উপলক্ষে সারা দেশে শহিদি মার্চ করা হবে। সকল শহিদদের পরিবারকে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমরা চাই, আগামীকালও সারা দেশে গণজোয়ার নামবে। বিকেল ৩টায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শহিদি মার্চ শুরু হবে।
তিনি বলেন, রক্তের দাগ এখনো শুকায় নাই। এখনো আমাদের ভাইরা ক্ষত চিহ্ন নিয়ে কাতরাচ্ছে। গণমাধ্যমের কাছে অনুরোধ, কিভাবে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে তার ডকুমেন্টেশন করতে হবে। অনেকে আমাদের বিজয় মিছিল করতে বলছে। কিন্তু যতদিন না নতুন বাংলাদেশ হচ্ছে, মানুষ অধিকার পাচ্ছে ততদিন বিজয় মিছিল করা সম্ভব নয়।
