ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরোধীতায় একটি বিক্ষোভ মিছিল থেকে সুইডিশ পরিবেশ ও জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করা হয়েছে।
বুধবার কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে অবস্থান নিয়ে ইহুদিবাদী সব বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক সম্পর্ক ছিন্ন ও বয়কটের ডাক দেওয়ার পরপরই তাকে আটক করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সুইডিশ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন—আজ বুধবার ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের একটি ভবনের মূল ফটক অবরোধ করে ২০ জনের একটি দল। সেখান থেকেই ৬ জনকে আটক করা হয়।
পুলিশ আটককৃতদের পরিচয় নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে। কোপেনহেগেন পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘আটককৃতদের নাম আমি নিশ্চিত করতে পারছি না, তবে বিক্ষোভের সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। তারা জোর করে বিল্ডিংয়ে প্রবেশ করেছে এবং প্রবেশ পথ আটকে দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।’
তবে বিক্ষোভ মিছিলের আয়োজন সংগঠন স্টুডেন্টস অ্যাগেইনস্ট দ্য অকুপেশনের এক মুখপাত্র বলেছেন, আটককৃতদের মধ্যে ২১ বছর বয়সী থুনবার্গ একজন। স্থানীয় সংবাদমাধ্যম একস্ট্রা ব্লাডেটের প্রকাশিত ছবিতে থুনবার্গের হাতে হাতকড়া দেখা যায়। এ সময় তার কাঁধে সাদা-কালো কেফিয়াহ রাখা ছিল।
এ ছাড়া ইনস্টাগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছে, ‘যদিও ফিলিস্তিনের পরিস্থিতি খারাপ হচ্ছে তারপরও ইউনিভার্সিটি অব কোপেনহেগেন ইসরায়েলের একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছে। আমরা একটি দাবি নিয়ে (বিশ্ববিদ্যালয়ের) কেন্দ্রীয় প্রশাসনিক ভবন দখল করেছি। আর তা হলো—এখন একাডেমিক জায়গা থেকে (ইসরায়েলকে) বয়কট করতে হবে।’
যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় প্রাইভেটকারে আগুন, পুড়ে মারা গেল ৪ ভারতীয়