জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনে করেন, জুলাই-আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তার রাজনীতিতে ইতি টেনেছেন বলেই আমার অভিমত। তিনি পালিয়ে যাওয়ার কারণে নিজ দলেই গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে। অন্যদিকে আওয়ামী লীগ একসময় জনগণের দল থাকলেও, ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে জনশত্রুতে পরিণত হয়েছে। তবে দল হিসেবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, যদিও সময় লাগবে।
সম্প্রতি দেশ রূপান্তরের সঙ্গে একান্ত আলাপকালে জি এম কাদের এসব কথা বলেন।
শেখ হাসিনা স্বৈরাচার তকমা নিয়ে দেশ ছেড়ে পালালেন। ফলে এখন মানুষ আর জাপা প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদকে স্বৈরাচার বলবে না। এটা কি জাপাকে স্বস্তি দেয় এমন এক প্রশ্মের জবাবে জি এম কাদের বলেন, এরশাদ সাহেব স্বৈরাচার ছিলেন না। এর বড় প্রমাণ ক্ষমতা থেকে নামার পরও তাকে কখনো নির্বাচনে হারতে হয়নি। ক্ষমতা থেকে নামার পর যে নির্বাচন হয়, সেখানে তিনি পাঁচটি আসনে লড়াই করে বাজিমাত করেন, যা প্রমাণ দেয় মানুষ এরশাদ সাহেবকে ভালোবাসত। এরশাদ সাহেব যত দিন বেঁচে ছিলেন, জনগণ তাকে ভালোবাসা দিয়েছে, সমর্থন দিয়েছে। তার মৃত্যুর পর জানাজায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে, যা শুধু সত্যিকারের রাজনীতিকের বেলায় ঘটে। মৃত্যুর পরও তার প্রতি মানুষের আবেগ শেষ হয়ে যায়নি। এখন তো মানুষ প্রকাশ্যেই বলে, এরশাদ জমানায় ভালো ছিলাম। দেখুন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন আর এরশাদ সাহেব দেশে থেকে লড়াই করেছেন। এটা শুধু নৈতিক ভিত্তি থাকলেই সম্ভব। তবে এটা সত্য, তিনি দেশ ছেড়ে আমাদের স্বৈরাচারের তকমা থেকে মুক্তি দিয়েছেন।
