ফুলবাড়ীয়া নগর প্লাজা: বিদ্যুৎ ও পানির বিলের ৪৮ লাখ টাকা লোপাট!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম

রাজধানীর ফুলবাড়ীয়া সুপার মার্কেট নগর প্লাজার দোকানের বিদ্যুৎ বিল ও পানির বিল বাবদ ৪৮ লাখ টাকা বকেরা রেখে ওই টাকা লোপাট করেছে বলে অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের আস্থাভাজন লোকজনের বিরুদ্ধে। এ ছাড়া দোকানের ডেকোরেশন, মালামাল লোড-আনলোডসহ বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে টাকা আত্মসাৎ করতেন তারা।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এমন অভিযোগে ফুলবাড়িয়া সুপার মার্কেটের নগর প্লাজা ভবনের সামনে এক মানববন্ধন করেন মার্কেটটির ব্যবসায়ীরা।

মানববন্ধনে নগর প্লাজার ব্যবসায়ী মোশাররফ হোসেন রাজু বলেন, দীর্ঘ ১৬ বছর একটা দলের শাসনামলে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। এখানে ব্যবসার চেয়ে চাঁদা দিতে হত বেশি। এই মার্কেটে বিদ্যুতের অতিরিক্ত বিল আদায়, ওয়াসার পানি বিল নিয়ে পরিশোধ না করা, দোকান ডেকোরেশন করতে গেলে প্রতি লাখে ১০ হাজার টাকা দেওয়া, মাল লোড-আনলোডে চাঁদা দেওয়া, মার্কেটে এসি লাগালে ৩০ হাজার টাকা দাবি করাসহ ৪৮ লক্ষ টাকা লোপাট করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, এই টাকা লোপাটের ঘটনায় গেন্ডারিয়ার আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর হেলেনা আক্তার, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আউয়াল হোসেন, ৩৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মানিক, দিলদার, সোহেল ও অনিকসহ আরো অনেকে জড়িত। আমরা চাচ্ছি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত মার্কেট। যারা লক্ষ লক্ষ টাকা লোপাট করে নিয়ে গেছে তাদের আইনের আওতায় আনা দাবি জানান মানববন্ধনকারী ব্যবসায়ীরা।

মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা মানববন্ধনে আরও জানান, তারা হতাশাগ্রস্ত। দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র তাপসের মদদপুষ্টরা আবারও মার্কেট দখলের পাঁয়তারা করছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান সাধারণ ব্যবসায়ীরা। এ সময় সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে তাদের প্রতিহতের আহ্বান জানান।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা মামুন হাসান বলেন, মার্কেটে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে আমি যোগাযোগ রাখছি। চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকল ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছি।

তবে ওই মার্কেটের ব্যবসায়ীরা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত