অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ এএম

গাজীপুরের শ্রীপুরে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামে মৃত্যুর এ ঘটনা ঘটে। 

নিহত ওই চালকের নাম তোফাজ্জল হোসেন (৩৩)। তিনি পটকা গ্রামের রুহুল আমিনের ছেলে। খবর পেয়ে রাতেই পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে।

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ফারুক হোসেন জানান, নিজস্ব ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শেষে রাতে বাড়িতে গ্যারেজে রিকশা চার্জ দিতে যান চালক তোফাজ্জল। এ সময় অসাবধানতায় আচমকা বৈদ্যুতিক তারের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এ সময় স্বজনরা টের পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বপ্রাপ্ত ডাঃ শারমিন সুলতানা জানান, তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ মরদেহ তাদের হেফাজতে নিয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি এসএম সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত