বন্যার্তদের পাশে আমিরাতে লটারি জেতা চট্টগ্রামের ৩৬ প্রবাসী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে প্রায় ৪৮ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকা জেতা প্রবাসীরা বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন। গত ৩ সেপ্টেম্বর ৩৬ জন বাংলাদেশি মিলে এই টাকা জেতেন। তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, যে টিকিটের মাধ্যমে তারা লটারি জিতেছেন সেটি কেনা হয় নূর মিয়ার নামে। তবে টিকিট কেনায় অর্থ দিয়েছিলেন সবাই। গত ৫ বছর ধরেই তারা টিকিট কিনে আসছিলেন। স্বপ্ন ছিল একদিন ভাগ্যের চাকা ঘুরবে। সেই স্বপ্ন সত্যি হয়েছে গত ৩ সেপ্টেম্বর।

বন্যার্তদের সাহায্য করার ব্যাপারে নূর মিয়া বলেন, ‘সবার আগে যে বিষয়টি নিয়ে আমরা একমত হয়েছি সেটি হলো বাংলাদেশে টাকা পাঠানো। ভয়াবহ বন্যায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এখন সেসব বাড়ি পুনর্গঠনে সাহায্য করার সময় আমাদের।’

লটারি জেতা নূর আমিরাতে রঙ মিস্ত্রির কাজ করতেন। তার ইচ্ছা সেখানে একটি রঙের দোকান দেবেন। এছাড়া অন্যান্য যারা লটারির অর্থ পেয়েছেন তারাও নিজেদের ভবিষ্যতের জন্য এসব অর্থ খরচ করবেন বলে জানিয়েছেন।

তবে নূর মিয়ার মতে, ‘যাদের সাহায্য প্রয়োজন আমরা তাদের সহায়তা করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই জয় শুধু আমাদের একার নয়, যারা ভুক্তভোগী, তাদের জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত