চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় একটি এতিম ও হেফজখানার ইমামের বাসায় সেনাবাহিনীর মেজর ও গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে দুজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এর আদালতে ওই দুই আসামি অপরাধের দায় স্বীকার জবানবন্দি দেন। তারা হলেন— কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন মেহেরনামা গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮), বাঁশখালী পুঁইছড়ি ইউনিয়নের মাস্টার পাড়ার বিধান দেবের ছেলে বিদ্যুৎ দেব।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর মেজর ও গোয়েন্দা ইউনিটের সদস্য পরিচয় দিয়ে উক্ত এলাকার ‘আলত্বাফিয়া ইয়াছিনিয়া আল এজাজু ইন্টারন্যাশনাল হেফজ ও এতিমখানার ইমাম মাওলানা এজাজের বাসায় ডাকাতি সংঘটিত হয়। এ সময় তারা নগদ তিন লাখ টাকা, ৬ হাজার বৈদেশিক মুদ্রা (দিরহাম)সহ মোট ৪ লাখ ৯৮ হাজার টাকা লুট করে। পালিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম (৪৮), বিদুৎ দেব, সুমন কান্দি দে (৪০) এবং সেনাবাহিনীতে কর্মরত সার্জেন্ট মো. সুহেল আনোয়ারকে (৪০) ধরে ফেলেন স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। এ সময় সার্জেন্ট সুহেলকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে পুলিশ। পুলিশ ও সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে ধৃত চারজন ডাকাতির ঘটনায় সেনাবাহিনীর এক সৈনিক, কথিত তিন সাংবাদিকসহ আরও পাঁচজন জড়িত থাকার তথ্য দেন।
পাঁচজন হলেন—সেনাবাহিনীর সৈনিক জামাল (৩০), পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা নগরের চান্দগাঁও থানা এলাকার সাহাব উদ্দিন। কথিত তিন সাংবাদিক হলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল এলাকার আবদুল মনজুরের ছেলে রাকিব আল হোসেন (৩১), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী পশ্চিম হিন্দু পাড়ার সুজিত কান্তি দের ছেলে দুলাল কান্তি দে (৩৬) এবং চট্টগ্রাম নগরের চকবাজার ডিসি রোড এলাকার জালাল আহমদের ছেলে আবদুস সাত্তার টিটু (৩৬)। এ ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক মেজর, সার্জেন্ট সুহেলসহ ৯জনকে আসামি করে আজ শুক্রবার কর্ণফুলী থানায় মামলা দায়ের করেছেন উক্ত এতিম ও হেফজখানার পক্ষে মোহাম্মদ ইসহাক (৫০) নামে এক ব্যক্তি। তিনি খোয়াজনগর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আসামিদের মধ্যে শফিকুল হোসেন কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন মেহেরনামা গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে, বিদ্যুৎ দেব বাঁশখালী পুঁইছড়ি ইউনিয়নের মাস্টার পাড়ার বিধান দেবের ছেলে, সার্জেন্ট মো. সোহেল জামালপুর জেলার সরিষাবাড়ির থানাধীন বলার দিয়া গ্রামের আজহারুল ইসলামের ছেলে এবং আসামি সুমন কান্তি দে চট্টগ্রামের ভুজপুর থানার পোদ্দারপাড় মধূ বাড়ির দুলাল বাবুর ছেলে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।
