বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, রাজনাথ সিংয়ের বক্তব্য দায়িত্বহীন ও উসকানিমূলক।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী যেভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-হামাস যুদ্ধের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি টেনে ভারতের প্রতিরক্ষা বাহিনীকে যুদ্ধ মোকাবিলায় তৈরি থাকতে বলেছেন তা বিস্ময়কর ও হঠকারী। বাংলাদেশ এখন কারও সাথেই যুদ্ধে লিপ্ত নেই।
তিনি বলেন, রাজনাথ সিংয়ের বক্তব্যে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশকে টেনে আনার ঘটনায় এটা স্পষ্ট যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনকে ভারতের মোদি সরকার নিজেদের পরাজয় হিসেবেই বিবেচনা করছে। একটা গণবিরোধী আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট রেজিমকে যেকোনও ভাবে বাংলাদেশের ক্ষমতায় টিকিয়ে রাখার ভারত সরকারের নীতি ও কৌশল যে পুরোপুরি ব্যর্থ হয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর
উসকানিমূলক বক্তব্য। এই ধরনের বক্তব্য কোনোভাবেই সৎ প্রতিবেশীর পরিচয় নয়।
তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট বাংলাদেশের মানুষের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পরও ভারতে মোদি সরকার বাংলাদেশ বিরোধী নানা অপতৎপরতা ও অপপ্রচার অব্যাহত রেখেছে। ভারত সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিবেচনায় না নিয়ে বাংলাদেশকে বরারব অনুগত রাষ্ট্র হিসেবেই বিবেচনা করে এসেছে।
বিবৃতিতি তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে সমতা, ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চায়। তিনি ভারত সরকারকে তাদের বাংলাদেশ বিরোধী নীতি কৌশল পরিবর্তন করে সৎ প্রতিবেশীর মনোভাব নিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।
ঝালকাঠিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
পুতিনের ‘লুকিয়ে রাখা’ দুই ছেলের তথ্য ফাঁস