চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে অবরোধ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ এএম

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ‘৩৫ প্রত্যাশী শিক্ষার্থী পরিষদের’ ব্যানারে আন্দোলনকারীরা। গতকাল শনিবার দুপুর দেড়টায় একটি মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে থেকে শাহবাগে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

‘৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের’ ভাষ্য, অনেক দেশে চাকরির বয়সসীমা ৩৫ বা তারও বেশি। তাই আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী বাংলাদেশেও চাকরির ন্যূনতম বয়সসীমা নির্ধারণ করতে হবে।

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘পরিবর্তনের এ লড়াই আমাদের সবার। আমি ৩০ বা ৩৫ বছর বুঝি না। সরকারি চাকরিতে আবার বয়সসীমা কীসের? যোগ্যতা থাকলে কেউ ৪০ বছরেও পেতে পারে। তিনি বলেন, তবে সরকার থিতু হতে না পারলে বোধহয় দাবির বিষয়ে বলতে পারবে না। আনসারদের সময়ও তারা একই বিষয় বুঝিয়েছিল।’

শিক্ষক নুরুজ্জামান হীরা বলেন, যারা পরে যোগ দেবেন, তারা সে অনুযায়ী বেতন-ভাতা পাবেন। সরকারের কাছে অনুরোধ করব, একজন গুরুত্বপূর্ণ মানুষ নিয়োগ করে এ সমস্যার সমাধান করুন।

আন্দোলনরতদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়ে শাকিল নামে আরেক শিক্ষক বলেন, ৩৫ আন্দোলনের বিকল্প নেই। সচিবরা এখানে আউটসোর্সিংয়ের একটি সিন্ডিকেট তৈরি করেছেন। শিক্ষার্থীরা তো মেধা দিয়ে প্রবেশ করতে চান। পরে বিকেলে তাদের একটি প্রতিনিধিদল উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। সন্ধ্যায় শাহবাগ থেকে আন্দোলনকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত