আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মঈন আলী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ এএম

ইংল্যান্ডের জার্সিতে আর দেখা যাবে না অল-রাউন্ডার মঈন আলীকে। ৩৭ বছর বয়সী এই অল-রাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। দৈনিকটি জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে সুযোগ না পাওয়ার পর তার এই সিদ্ধান্ত।

বেশ কিছুদিন ধরেই মঈনের ফর্ম ভালো যাচ্ছিল না। সর্বশেষ ৫ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৫ রান করেছেন। তাই বয়স আর ফর্ম বিবেচনায় অস্ট্রেলিয়া সিরিজে মঈনকে নেওয়া হয়নি। নিজের অবসর নিয়ে মঈন বলেছেন, ‘আমার বয়স ৩৭ বছর। অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন পরের প্রজন্মের সময়, এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে। আমার অধ্যায় শেষ।’

লাল বলের ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া মঈন ইংল্যান্ডের হয়ে ২৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৬৮ টেস্টে মঈন উইকেট নিয়েছেন ২০৪টি, সেঞ্চুরি আছে ৫টি। নিজের ক্যারিয়ার নিয়ে তিনি বলেছেন, ‘৫টি টেস্ট সেঞ্চুরির জন্য আমি গর্বিত। যদিও সংখ্যাটা মাত্র ৫, কিন্তু এটার মানে অনেক। যেহেতু বেশির ভাগ সময়েই আমি নিচের দিকে খেলেছি।’

অবসর ঘোষণায় বাস্তবতার কথাও উঠে এসেছে মঈনের বক্তব্যে, ‘আঁকড়ে ধরে থাকতে পারতাম, আবার ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি বাস্তবতা জানি, তাই চেষ্টা করব না। (ইংল্যান্ডের হয়ে খেলার জন্য) আমি যথেষ্ট ভালো নই, অবসর নেওয়ার পরও এটা মনে হচ্ছে না। আমার এখনো মনে হয়, আমি খেলতে পারব। কিন্তু আমি আসল পরিস্থিতি বুঝতে পেরেছি, দলের এখন নতুন চক্রে প্রবেশ করা প্রয়োজন। এটা নিজের কাছেও সৎ থাকার বিষয়।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন মঈন। একটা সময় সেখানেও থামতে হবে। এরপর কোচিং পেশায় আসার ইচ্ছে মঈনের, ‘কোচিংয়ে আসতে চাই। এখানে অন্যতম সেরা হতে চাই। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালেমর কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। আশা করছি সবাই আমাকে মুক্ত চেতনার মানুষ হিসেবে চিনবে। ক্যারিয়ারে কিছু ভালো শট খেলেছি, কিছু খারাপ, আশা করছি মানুষ আমার খেলা উপভোগ করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত