শ্রীপুরে ট্রেন থামিয়ে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। এসময় প্রায় আড়াই ঘণ্টা ট্রেন আটকে রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ও ময়মনসিংহগামী সব ধরনের কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবি তুলেন এলাকাবাসী। এ সময় ঢাকাগামী জামালপুর কমিউটার আপ ৪৭ ট্রেনটি ঘণ্টাব্যাপী আটকে রাখা হয়। সে ট্রেনটি ভোরে জামালপুরের দেওয়ানগঞ্জ রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনের যাত্রীরা আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন। প্রচন্ড গরমে ট্রেনের ভিতরে আটকে থাকা যাত্রীরা হাঁসফাস করতে থাকেন। পরে মানববন্ধন শেষ হলে অন্তত আড়াই ঘন্টা পর ট্রেনটি ছেড়ে যায় স্টেশন।

তবে দাবি পূরণ না হলে নিয়মিত ট্রেন আটকানোর হুঁশয়ারি দেন মানবন্ধনে অংশ নেওয়া লোকজন। বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ যুক্তিক দাবি নিয়ে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। এটি একটি প্রাচীন রেলস্টেশনও। এ স্টেশনে আপ এন্ড ডাউন কমিউটার ট্রেনগুলোর যাত্রা বিরতির জন্য দীর্ঘ বছর ধরেই এলাকাবাসি দাবি করে আসছেন। ঊধ্র্বতন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ে দাবি জানিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে। আজ রোববার (৮ সেপ্টেম্বর) স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে মানববন্ধনে অংশ নিয়ে দাবি আরও জোরালো করেছে।। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্ব দিবেন। তবে দীর্ঘসময় ট্রেন আটকে রাখায় মানুষের দুর্ভোগের জন্য দু:খ প্রকাশ করেন মানবন্ধনে অংশ নেওয়া লোকজন।

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ৪৭ আপ ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে ১ নম্বর লাইনে প্রবেশ করে। এরপর মানববন্ধনকারীরা ট্রেনটি আটয়ে দেয়। এ সময় গরমে ট্রেনের ভিতরে থাকা লোকজন (ঢাকাগামী যাত্রীরা) চরম দুর্ভোগ পড়েন। অনুরোধ করলেও ট্রেন ছাড়েনি তারা। পরে দুপুর পৌনে ১ টার দিকে ট্রেন ছাড়ে স্টেশন।  এর আগে গত দুদিন মাইকিং করে মানববন্ধনের আহ্বান করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত