কোনও ব্যক্তিকে দুই মেয়াদ বা সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী না রাখার প্রস্তাব দিয়েছে 'পরিবর্তনের লক্ষ্যে জনসমাজ' নামক একটি সামাজিক সংগঠন। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রস্তাব দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।
বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, জাতীয় পর্যায়ের উন্নয়ন কর্মী ও সংগঠক এবং 'জনসমাজ'-এর সমন্বয়ক আবুল হাসিব খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে 'পরিবর্তনের লক্ষ্যে জনসমাজ'- এর লক্ষ্য-উদ্দেশ্য, কর্মপন্থা, প্রস্তাব ও সুপারিশসমূহ লিখিতভাবে উপস্থাপন করেন ড. আরিফুর রহমান।
ড. আরিফুর রহমান জানান, প্রতিষ্ঠানটির প্রস্তাব ও সুপারিশসমূহের অন্যতম হলো দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষের মেয়াদ যখন শেষ হয়ে যায় অথবা রাষ্ট্রপতি কর্তৃক ভেঙে দেওয়া হয় তখন উচ্চকক্ষ থেকে নির্বাচনকালীন সরকার গঠন করা।
তিনি বলেন, 'জনসমাজ' মনে করে সংবিধানের মৌলিক পরিবর্তন বা পুনর্লিখনের ক্ষেত্রে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং ২০২৪- এর ছাত্র-জনতার গণঅভ্যুথানের চেতনার প্রতিফলন প্রয়োজন। এক্ষেত্রে ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণায় যে 'সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের' কথা বলা হয়েছে, তা মূল ভিত্তি হতে পারে। ক্ষমতার কেন্দ্রীভূত নয়, ক্ষমতার ভারসাম্য সংবিধানে ধারণ করা বাঞ্চনীয়।
তিনি আরও বলেন, 'জনসমাজ' মনে করে পররাষ্ট্রনীতিতে সম্প্রীতি, আস্থা ও ভারসাম্য বজায় রাখা। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গেইটওয়ে এবং ভূ-রাজনীতিতে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এলাকা খুবই গুরুত্বপূর্ণ। ইন্দো-প্যাসিফিক ইস্যুতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং সৌদি আরবকেন্দ্রীক ম্যপ্রাচ্যের সঙ্গে ভারসাম্য ও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়মিত এনগেজমেন্ট বজায় রাখা।
এদিকে 'জনসমাজের' অন্যতম প্রস্তাব হলো কোনো ব্যক্তি দুই মেয়াদ বা সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকা। 'জনসমাজ' শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশসহ রাস্ট্রীয় কাঠামোর ব্যাপক সংস্কারের দাবি জানায়।
‘অন্তর্বর্তী সরকারের ধীরগতি জনগণের আশাভঙ্গের কারণ হতে পারে’
একা থাকলেই হেনস্থা করতে হবে, প্রশ্ন তুললেন মধুমিতা