পালিয়ে গেল সবাই, পড়েছিল গৃহবধূর নিথর দেহ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

নাটোরের গুরুদাসপুরে জয়নব বেগম (৩০) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার (৭ সেপ্টেম্ববর) সন্ধায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হরদোমা গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করেছে।

মৃত জয়নব বেগম পার্শ্ববর্তী সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের মো. জয়নাল শেখের মেয়ে। এ ঘটনায় জয়নব বেগমের বাবা জয়নাল শেখ বাদী হয়ে গুরুদাসপুর থানায় ৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত গৃহবধুর স্বামী সাদ্দাম হোসেন, দেবর, শ্বশুর, শাশুড়িসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

জানা যায়, শনিবার সন্ধায় স্বামী সাদ্দাম হোসেনের সাথে গৃহবধূ জয়নব বেগমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্বামীর ধাক্কায় মাটিতে পড়ে যান জয়নব। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর শ্বশুরবাড়ির লোকজন মরদেহ রেখে বাড়িতে থাকা টাকা, গরু-ছাগল নিয়ে পালিয়ে যায়।

এদিকে জয়নবের বাবা জয়নাল শেখের দাবি তার মেয়েকে হত্যা করা হয়েছে। তার মেয়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. উজ্জল হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে কিভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ রেখে পরিবারের সবাই পালিয়ে গিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রজু করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত