প্রকাশ্য রাস্তায় টোকাই নারীকে ধর্ষণ করছিলেন এক যুবক। পথচারীরা দেখলেও সাহায্যের জন্য এগিয়ে আসেননি। বরং ঘটনার ভিডিও করছিলেন অনেকেই। পরে তাদেরই মধ্যে একজন সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ বার সেই ব্যক্তিকে গ্রেপ্তার করল ভারতের পুলিশ।
শনিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনী এলাকায় পুলিশের হাতে ধরা পড়েছেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম সালিম। তিনি নাগড়া শহরের বাসিন্দা। এর আগে একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগও রয়েছে তার নামে। সালিম ছাড়াও আরও বেশ কিছু পথচারি দাঁড়িয়ে ওই ঘটনার ভিডিও করেছিলেন। কিন্তু নির্যাতিতাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউই। তাদেরকেও চিহ্নিত করে কড়া পদক্ষেপ করার চেষ্টা করা হবে।
বুধবার বিকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়লা ফটক এলাকায় প্রকাশ্য রাস্তায় টোকাই ওই নারীকে ধর্ষণ করা হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ফুঁসলিয়ে নিয়ে যান অভিযুক্ত। মাদক খাইয়ে রাস্তার পাশেই একটি বিশ্রামস্থলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। সেই ঘটনার ভিডিও করতে শুরু করেন পথচলতি মানুষ। পরে তা ছড়িয়েও দেওয়া হয়। ওই ভিডিওর ভিত্তিতেই অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বার গ্রেপ্তার হলেন ভিডিওগ্রাহক।
তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে মধ্যপ্রদেশের রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে দোষারোপ- পাল্টা দোষারোপের খেলা। রাজ্যের বিজেপি সরকারকে তুলোধনা করেছে কংগ্রেস। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকেও আঙুল তুলেছেন বিরোধী নেতারা। তবে ঘটনার পরে অবস্থান স্পষ্ট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।
মোহন সংবাদসংস্থাকে বলেছেন, ‘মধ্যপ্রদেশে আইনের শাসন রয়েছে। যারা অপরাধ করবে, প্রত্যেকের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউই রেহাই পাবে না। উজ্জয়িনী হোক, কিংবা সমস্ত রাজ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা সকলেই সুশাসনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
মণিপুরে শান্তি ফেরাতে সর্বোচ্চ ক্ষমতা চান মুখ্যমন্ত্রী বীরেন