মা হলেন দীপিকা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ এএম

প্রথম সন্তানের বাবা-মা হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গতকাল রবিবার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা।

এর আগে ৭ সেপ্টেম্বর বিকেলে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দেখা গেছে দীপিকাকে। সেই সময় দীপিকার সঙ্গে গাড়িতে ছিলেন অভিনেত্রীর মা। গাড়িতে না থাকলেও হাসপাতালে ঢোকার সময় অভিনেত্রীর সঙ্গেই ছিলেন রণবীর সিং।

দীপিকার বেবি বাম্প প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল কন্যা হবে না কি পুত্র! গতকাল দীপিকা জন্ম দিলেন কন্যাসন্তানের। সমাজ মাধ্যমে সন্তানের জন্মের খবর এখনো নিজেরা প্রকাশ করেননি তারকা দম্পতি।

এদিকে কন্যার নাম কী হবে তা নিয়েই এখন প্রশ্ন নেটিজেনদের। তবে সন্তানের নামকরণ আগেই করে ফেলেছিলেন দীপবীর। কয়েক বছর আগে পরিবার পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে রণবীর সিং বলেছিলেন, ‘আপনারা সবাই জানেন, দীপিকার কাছে আমার একটাই আবদার। আমার একটা মেয়ে চাই। সে যেন দীপিকার মতো মিষ্টি হয়। তাই তো দীপিকা অন্তঃসত্ত্বা হলে আমি সব সময় দীপিকার ছোটবেলার ছবি দেখাব ওকে। তাহলে মিষ্টি মেয়ে হবে।’ তিনি আরও জানিয়েছিলেন, ‘ছেলে হোক বা মেয়ে, সন্তানের নাম হবে শৌর্যবীর সিং। এই সিদ্ধান্ত যৌথভাবেই নিয়েছেন দীপবীর।’

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা : রামলীলা’ ছবির শুটিং থেকে শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। এরপর ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। ২০১৮-এর ১৪ নভেম্বর ‘লেক কোমো’-তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত