একতার বাংলাদেশের উদ্যোগে ৮ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘একতার আলোয় বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ ও বিশ্বাসের ঐক্যের নিদর্শন নিয়ে সংকলিত এই বিশেষ আলোকচিত্র প্রদর্শনীটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের চিত্রশালায় অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার দুপুর আড়াইটায় প্রদর্শনী শুরু হয়। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর বিষয়ে একতার বাংলাদেশের আহ্বায়ক প্লাবন তারিক বলেন, ‘একতার বাংলাদেশের’ মূল লক্ষ্য অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করা। ২৪-এর ছাত্র-নাগরিক অভ্যুত্থান, তার পরবর্তী সাময়িক সাম্প্রদায়িক অস্থিরতা ও রাজনৈতিক বন্যা পরিস্থিতিতে দেশের এই ক্রান্তিকালে প্রকটভাবে পরিলক্ষিত হয়েছে সকল চিন্তার মানুষকে একসাথে কাজ করার অজস্র দৃষ্টান্তের। সবার লক্ষ্য কেন্দ্রিভূত হয়েছে সাম্যে বাংলাদেশ প্রতিষ্ঠায়। সেই পটাতনে দাঁড়িয়েই ‘২৪ -এর অভ্যুত্থান ও তার পরবর্তী ক্যামেরাবন্দি কিছু ঐক্যের মুহূর্তকে সকলের সামনে একই ছাদের নিচে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।’
গত ৫ আগস্ট স্বৈরাচার পতন পরবর্তী আন্তঃসম্প্রদায় ও আন্তঃরাজনৈতিক সম্প্রীতি, সংহতি ও সংলাপের লক্ষ্যে কাজ করার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে ‘একতার বাংলাদেশ’। জনপরিসরে একতার বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে ১৪ আগস্ট শাহবাগ মোড়ে ‘সম্প্রীতি সমাবেশ’ আয়োজনের মাধ্যমে। সমাবেশে বাংলাদেশের সকল প্রধান ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি ও পণ্ডিতগণ অংশ নেন ও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি স্বপক্ষে তাদের অবস্থান পরিস্কার করেন।
একই সঙ্গে অনুষ্ঠানে বাংলাদেশের বেশ কিছু অনাকাঙ্ক্ষিত অস্থিতিশীলতা সৃষ্টিকারী ঘটনার তীব্র নিন্দা ও সেগুলো নিয়ে অপপ্রচার ও অপরাজনীতি করার চেষ্টার বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করা হয়। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বাংলাদেশের প্রধান ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো নেতৃস্থানীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
