ইউক্রেনের নভোগ্রোদোভকা শহর দখলের দাবি রাশিয়ার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলে নভোগ্রোদোভকা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে রাশিয়া। তাছাড়া শহরটির অদূরে পোকরোভস্ক নগরীর দিকে রুশ বাহিনীর অগ্রসর হওয়ার কথাও জানিয়েছে তারা। খবর রাশিয়ান সংবাদ সংস্থা তাসের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ বাহিনী পোকরোভস্ক নগরী থেকে ১২ কিলোমিটার (৭ মাইল) দূরের নভোগ্রোদোভকা শহর দখল করেছে। এ শহরটি ইউক্রেনীয় সেনাদের জন্য ওই এলাকায় গুরুত্বপূর্ণ একটি রেল ও সড়ক পরিবহণ কেন্দ্র। ইউক্রেন বংশোদ্ভুত প্রভাবশালী রুশপন্থি সামরিক ব্লগার ইউরি পোদোলিয়াকা একটি মানচিত্র প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, রুশ বাহিনী পোকরোভস্ক থেকে ৭ কিলোমিটারেরও কম দূরত্বে অন্তত দুটি স্থানে হামলা চালাচ্ছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ রবিবার সন্ধ্যায় এক প্রতিবেদনে নভোগ্রোদোভকাসহ পোকরোভস্ক সেক্টরে লড়াইয়ের বিস্তারিত তুলে ধরেছেন। তিনি রাশিয়ার অগ্রগতির ২৯টি চেষ্টা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ইউক্রেইনীয়। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বহু গ্রাম ও নগরী। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেইনের এক পঞ্চমাংশ এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। সম্প্রতি রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের এলাকা দখলে অগ্রসর হয়েছে। তাদের লক্ষ্য গোটা দনবাস অঞ্চল দখল করা, যে অঞ্চলটি আয়তনে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের প্রায় অর্ধেক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত