জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ভালো নির্বাচনে নির্বাচিত সরকার বেশিরভাগ সময়ে স্বৈরশাসক হয়েছিল। কিন্তু অনির্বাচিত সরকারগুলো অনেক বেশি গণতন্ত্রমনা ছিল। অনির্বাচিত সরকারগুলোই জনগণের মতামতের বেশি গুরুত্ব দেয়। তাই অনির্বাচিত সরকারকে সংস্কারের জন্য সময় দিতে আমাদের আপত্তি নেই। আমরা চাই বর্তমান সরকার যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারে, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে, কর্মসংস্থান যেন থাকে, তাহলে আমাদের অপেক্ষা করতে আপত্তি নেই।
গতকাল সোমবার দলের বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘আমরা এখনই নির্বাচন চাই না। কারণ ভালো নির্বাচন আমরা অতীতে অনেক দেখেছি। ভালো নির্বাচনের পরে ভালো সরকার হয় না। ভালো নির্বাচনের পরে ভালো সরকার দেখতে চাই। যাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। যারা ব্যক্তিগত ও দলীয় সম্পদ হিসেবে দেশকে ব্যবহার করবে না। সেই রকম সরকারের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে, সেজন্য বর্তমান সরকারকে আমরা সময় দিতেও রাজি আছি।’
