যুক্তরাজ্যে কারাগারের ভিড় কমাতে ১৭৫০ বন্দিকে মুক্তি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ পিএম

যুক্তরাজ্যের ইংল্যান্ড এবং ওয়েলসের বিভিন্ন কারাগার থেকে মঙ্গলবার ১৭৫০ বন্দিকে মুক্তি দেওয়া হবে। কারাগারে অতিরিক্ত ভিড় কমাতে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে দেশটি এমন পদক্ষেপ নিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। 

গত সপ্তাহে প্রকাশিত যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যান থেকে জানা যায় যে, ইংল্যান্ড এবং ওয়েলসে কারাগারের কয়েদি সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৫২১ জনে; যা ১৩ বছর আগে বিচার মন্ত্রণালয় সাপ্তাহিক পরিসংখ্যান প্রকাশ করার পর থেকে সর্বোচ্চ।

তাই অতিরিক্ত ভিড় কমাতে, যৌন অপরাধ, গুরুতর সহিংসতা এবং সন্ত্রাসবাদের পাশাপাশি পারিবারিক নির্যাতনের সাথে জড়িত কিছু মামলা ব্যতীত অন্যান্য মামলার প্রায় ১৭৫০ বন্দিকে মঙ্গলবার মুক্তি দেওয়া হবে।

কিন্তু মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় অপরাধ করার বিষয়ে উদ্বেগ থাকায় সরকার জোর দিয়ে বলেছে, এক্ষেত্রে কোনো সহিংস অপরাধী বা পারিবারিক নির্যাতনকারীরা আগাম মুক্তি পাওয়ার যোগ্য হবে না।

প্রবেশনের প্রধান পরিদর্শক মার্টিন জোনস বিবিসি রেডিও’কে বলেন, বন্দি থাকার ক্ষেত্রে কারাগারে ‘চরম’ চাপ রয়েছে। দেশটির বিভিন্ন কারাগারে বন্দি ধারণ ক্ষমতা একেবারে ১০০ ভাগের কাছাকাছি পৌঁছে গেছে। তাই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত