ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের সংঘর্ষে আহত ১৪

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১০ পিএম

রাজধানীতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত অন্তত ১৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনায় ১৪ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন, ঢাকা কলেজের ছাত্র অভি, মুসা, আব্দুল্লাহ, সিয়াম (১৮), বাধন (১৭), আব্দুল্লাহ (১৭), তৌহিদুর রহমান (১৭), সামির (১৭), বকতিয়ার (১৭), শামীম (১৭)। আর আইডিয়াল কলেজের উসাইব (১৮), তানভির (২০) ও সিয়াম (১৭)। এছাড়া ওই সময় রাস্তা দিয়ে হেটে যাওয়া গভমেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ইয়াছিন আরাফাত নামে এস শিক্ষার্থীও ইটের আঘাতে আহত হয়েছে।

ঢাকা কলেজের আহত ছাত্ররা জানায়, ‘আজকে তাদের কলেজে নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সাথে সাথে বিজয় চত্তর নাঈমের গলি গেট এর সামনে পৌঁছালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। নিক্ষেপ করা ইটের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়।’

ঢাকা কলেজের অপর এক আহত শিক্ষার্থী জানান, ‘সকালে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে কে বা কাহারা মারধর করেছে। এই কারণে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মনে করেছে ঢাকা কলেজের ছাত্ররা তাদের মারধর করেছে। এমন অভিযোগে তারা ঢাকা কলেজের ক্যাম্পাসে এসে আমাদের উপর হামলা করে।’

নিউ মার্কেট থানার অফিসার (ওসি)  মহসিন উদ্দিন জানান, ‘ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের নতুন ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত