দোলনায় খেলার সময় গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ পিএম

রাজধানীর বেগুনবাড়ি এলাকায় দোলনায় দোল খেলতে গিয়ে লাবিব (৫) নামে বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুর গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে। তিন ভাই বোনের মধ্যে শিশুটি ছিল মেজো। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় তার মা লাবনী আক্তার তানিয়া বাসায় ছিলেন।
 
শিশুটির মা লাবনী জানান, তেজগাঁও বেগুনবাড়ি ৭ রাস্তা মাস্টার বাড়ি এলাকার একটি বাসার পঞ্চম তলায় থাকেন তারা। শিশুটির বাবা কারওয়ান বাজারে ব্যবসা করেন। সন্ধ্যায় ছোট সন্তানকে রুমের ভেতর দুগ্ধ পান করাচ্ছিলেন মা। এ সময় বারান্দায় একাই দোলনায় খেলছিল লাবিব। সে কথাও বলতে পারত না। 

কিছুক্ষণ পরে বারান্দায় গিয়ে তার মা দেখেন, দোলনার রশির সাথে গলায় ফাঁস লেগে আছে লাবিব। তখনও ছটফট করছিল। সঙ্গে সঙ্গে গলা থেকে ফাঁস ছাড়িয়ে শিশুটিকে স্থানীয় শমরিতা হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয় সেখানকার চিকিৎসকরা। ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির খালু মো. লিমন জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার হরিষচর দরগাবাড়ি গ্রামে। লাবিবের বাবার নাম নুরুল আমিন।

চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত