‘একবার শাহরুখকে দেখব’ মান্নাতের সামনে ৩৫ দিন অপেক্ষায় যুবক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

বিশ্বজুড়ে বলিউড বাদশা শাহরুখ খানের রয়েছে অগণিত ভক্ত-সমর্থক। তেমনই এক পাগল ভক্তের দেখা মিলেছে মুম্বাইয়ের রাস্তায়। শাহরুখ খানের ওই ভক্ত প্রায় ৩৫ দিন ধরে তার বাসভবন মান্নাতের বাইরে অপেক্ষা করছেন। সে যুবকের লক্ষ্য একটাই বলিউড বাদশার দেখা পাওয়া। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মুহাম্মদ আনসারি নামে ঝাড়খণ্ডের এক ভক্ত গত ৩৫ দিন ধরে শাহরুখ খানের বাড়ির বাইরে অবস্থান করছেন। শাহরুখের প্রতি তার এই উন্মাদনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ইনস্ট্যান্ট বলিউড এই ভক্তের সাক্ষাৎকার নিয়েছে এবং ইনস্টাগ্রামে একটি ক্লিপ শেয়ার করে লিখেছে, ‘ঝাড়খণ্ডের শাহরুখ খানের এক পাগল ভক্ত গত ৩৫ দিন ধরে তার বাড়ি মান্নাতের বাইরে অপেক্ষা করছে।

এতদিন কেন অপেক্ষা করছেন? এমন সাক্ষাৎকারে ‍মুহাম্মদ আনসারিকে বলেন, ‘সে আমার প্রিয় হিরো। আমি তার সবচেয়ে বড় ভক্ত। আমি এখানে নিজেই এসেছি। আমি তার সঙ্গে দেখা করতে চাই।’  আনসারি বলেন, ‘শুধু তার সঙ্গে দেখা করাটাই সবচেয়ে বড় আনন্দ। আমি আমার ব্যবসা বন্ধ করে দিয়েছি এবং আমি কেবল শান্তি পেতে চাই। তারপর আমি আমার গ্রামে ফিরে যাব।’

শাহরুখ খানের প্রতি ভক্তের এমন আবেগ দেখে অবাক হয়েছেন বেশ কয়েকজন। ইনস্টাগ্রামে পোস্টের প্রতিক্রিয়ায় একজন লিখেছেন, ‘ভাই, হাল ছাড়বেন না, চালিয়ে যান।’ 

এমন ঘটনা এই প্রথম নয়; এর আগেও শাহরুখ খানের সঙ্গে দেখা করার আশায় তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন এক ভক্ত। এমনকি রাজকুমার রাওয়ের মতো তারকা অভিনেতারাও কয়েক বছর আগে মুম্বাই আসার সময় শাহরুখ খানের সঙ্গে দেখা করতে অপেক্ষার প্রহর গুনেছেন। এ অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘রাতে আমি মুম্বাইয়ের রেলস্টেশনেই ছিলাম। টাকা শেষ হয়ে যাওয়ায় শুধু বড়া পাভ খেয়েছিলাম। এখানে দু’দিন ছিলাম। সকাল ১০টায় মান্নাত পৌঁছে বিকাল ৪-৫টা পর্যন্ত অপেক্ষা করতাম, এই আশায় যে শাহরুখ খানকে দেখতে পাব।’

বর্তমানে বলিউড কিং শাহরুখ খান ‘দ্য কিং’ ছবিতে অভিনয় করছেন। মেয়ে সুহানা খান এবং সহ-অভিনেতা অভিষেক বচ্চনও এই ছবিতে অংশ নেবেন। সুজয় ঘোষ পরিচালিত ১৯৯৪ সালের ফরাসি ছবি ‘লিও: দ্য প্রফেশনাল’-এর হিন্দি রিমেক ‘দ্য কিং’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত