তালতলী

বেশি দামে সিগারেট বিক্রি করায় লাখ টাকা জরিমানা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম

বরগুনার তালতলীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রির দায়ে ব্রিটিশ টোব্যাকো প্রতিনিধি বংক্রিমচন্দ খরাতিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ওই কোম্পানির গোডাউনে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত।

জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া বাজারে কয়েকটি দোকানে ব্রিটিশ টোব্যাকোর হলিউড-বেনসন সিগারেটের ডিলার প্রতিনিধিরা প্যাকেটের মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করেন। এমন অভিযোগ পেয়ে তালতলী সদরের ব্রিটিশ টোব্যাকো ডিলারের গোডাউনে অভিযান চালানো হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পেলে ডিলার প্রতিনিধিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে বেশি দামে সিগারেট বিক্রি না করার মুচলেকা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর দুই ধারা অনুযায়ী পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির সত্যতা পাওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত