কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে পার্শ্ববর্তী কারখানার আন্দোলনকারী শ্রমিকদের আগুন দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ নেতৃবৃন্দ। শ্রমিকদের আন্দোলনে দুষ্কৃতীরা প্রবেশ করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে স্বাক্ষর করেন- জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।
নেতৃবৃন্দ বলেন, পোশাক শ্রমিকদের যৌক্তিক দাবি আমরা সমর্থন করি। স্বৈরাচার হাসিনা সরকারের বিদায়ের পর গঠিত অন্তর্বর্তী সরকার পর্যায়ক্রমে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের উদ্যোগ গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করি। সাড়ে ১৫ বছরের অপশাসনের জঞ্জাল নিরসনে তাদের যৌক্তিক সময় দিতে হবে। কিন্তু দাবি আদায়ের নামে শ্রমিকদের আন্দোলনের আড়ালে পোশাক খাতে নৈরাজ্য সৃষ্টি এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পরাজিত শক্তি।
অনতিবিলম্বে পোশাক খাতের নৈরাজ্য বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান গণতন্ত্র মঞ্চ নেতৃবৃন্দ। পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে শিল্পাঞ্চল এবং পোশাক খাত সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং টহল জোরদার করার আহ্ববান তাদের।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা