মারা গেছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো

  • ক্যানসারে দীর্ঘ লড়াই করে মারা গেছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো
  • মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৬ বছর কারাবন্দী ছিলেন তিনি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ এএম

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত সাবেক এই নেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

স্থানীয় সময় বুধবার তার মৃত্যু হয় জানিয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আলবার্তো ফুজিমোরি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার মেয়ে কেইকো ফুজিমোরি। পোস্টে তার মেয়ে জানান, ‘ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে’ তার বাবা মারা গেছেন। তার বাকি ভাই–বোনেরাও বিষয়টি নিশ্চিত করছেন।

আলবার্তো ফুজিমোরি ১৯৯০ থেকে ২০০০ সালের পর্যন্ত পেরুর শাসন ক্ষমতায় ছিলেন। তবে দুর্নীতির অভিযোগের কারণে একপর্যায়ে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তিনি ৯০ এর দশকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছিলেন।

প্রেসিডেন্ট থাকাকালে বামপন্থি গেরিলা বিদ্রোহ দমনে ফুজিমোরির কঠোর অবস্থানের জন্য তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গেলেও পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয় এবং পেরুতে প্রত্যর্পণ করা হয়। এরপর ফুজিমোরি আদালতে দোষী সাব্যস্ত হন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই প্রায় ১৬ বছর কারাবন্দী ছিলেন তিনি।

অবশ্য ১৫ বছরেরও বেশি সময় বন্দি থাকার পরে গত ডিসেম্বরে লিমার বারবাডিলো কারাগার থেকে মুক্তি পান ফুজিমোরি। পেরুর সাংবিধানিক আদালত ছয় বছর আগে জারি করা প্রেসিডেন্টের ক্ষমা পুনর্বহাল করার পরে মুক্তি পেয়েছিলেন তিনি।

ক্ষমা পাওয়ার সময় ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন ফুজিমোরি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত