বাংলাদেশ সিরিজে জোড়া মাইলফলকের সামনে কোহলি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে গত জানুয়ারির পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বিরাট কোহলি। এই সিরিজে তিনি দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে। আর ৫৮ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করবেন কোহলি। একই সঙ্গে ভেঙে দেবেন শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড। 

তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত কোহলি করেছেন ২৬৯৪২ রান। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসাবে ২৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর ৫৮ রান। বাংলদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ৫৮ রান করতে পারলেই  আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রান করার রেকর্ড গড়বেন। ভেঙে যাবে ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের রেকর্ড। 

শচীন আর কোহলি ছাড়া ২৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৬০০০, ১৭০০০, ১৮০০০, ১৯০০০, ২০০০০, ২১০০০, ২২০০০, ২৩০০০, ২৪০০০, ২৫০০০ এবং ২৬০০০ রান পূর্ণ করার রেকর্ড কোহলির দখলেই। এছাড়া এই সিরিজে ১৫২ রান করতে পারলেই আরও একটি মাইলফলক স্পর্শ করবেন কোহলি। 

ভারতের হয়ে টেস্টে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে কোহলির চাই আর ১৫২ রান। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার এবং রাহুল দ্রাবিড়। কোহলি এখনও পর্যন্ত ১৯১টি টেস্ট ইনিংস খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসেই ১৫২ রান করতে পারলে ১৯২তম টেস্ট ইনিংসে ৯০০০ রান পূর্ণ করবেন। উল্লেখ্য, গাভাস্কারও তার ১৯২তম টেস্ট ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত