বাংলাদেশে ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র

  • বাংলাদেশের ওপর থাকা ভ্রমণ সতর্কতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র
  • ভ্রমণ সতর্কতা লেভেল ফোর থেকে থ্রিতে নামিয়ে আনা হয়েছে
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ পিএম

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় ভ্রমণে মার্কিন নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এবার বাংলাদেশের ওপর থাকা ভ্রমণ সতর্কতা শিথিল করেছে দেশটি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাসের পেজে এক বিজ্ঞপ্তিতে সতর্কতা শিথিল করার তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণের সতর্কতা লেভেল ফোরে (চতুর্থ ধাপ) ছিল, এখন তা কমিয়ে লেভেল থ্রিতে (তৃতীয় ধাপ) নামিয়ে আনা হয়েছে। অর্থ্যাৎ এখন বাংলাদেশে ভ্রমণ করতে চাইলে যেকোন মার্কিন নাগরিক তা করতে পারেন।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলায় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়।  এছাড়া যে কোন ধরণের সমাবেশ বা জনসমাগম স্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

অস্থিতিকর পরিস্থিতি বিবেচনায় গত ৫ আগস্ট বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সেটাই তুলে নেয়া হলো আজ।

যুক্তরাষ্ট্রের লেভেল ফোর নিষেধাজ্ঞা হল দেশটির সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লেভেল ফোর তালিকাভুক্ত দেশ ভ্রমণ না করতে পরামর্শ দেয়া হয়েছে।

সেই তালিকায় থাকা অন্য দেশগুলো হলো আফগানিস্তান, বেলারুশ, বুরনিকা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত