বারহাট্টার সাবেক চেয়ারম্যান খোকন ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণকারী নেত্রকোণার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকনকে (৫৪) ঢাকার কল্যাণপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ৪ আগস্ট খায়রুল কবির খোকনের নেতৃত্বে বারহাট্টা উপজেলার মাইল্যাব ডায়াগনস্টিক সেন্টারে মালামাল লুট ও ভাংচুর হয়। এ ঘটনায় গত ১৯ আগস্ট বারহাট্টা থানায় মামলা দায়ের করেন মো. আশিক মিয়া।

শেখ হাসিনা সরকারের পতনের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর কল্যাণপুর থেকে খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। গ্রেপ্তার খোকনকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বারহাট্টা থানায় হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত