অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নেতারা। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারা এ আশ্বাস দেন।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যে অতিষ্ঠ হয়ে আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার গঠন করেছে। আমরা তাদের স্বপ্নপূরণে সব সময় কাজ করে যাব। এজন্য বিদ্যুৎ, জ¦ালানি, সড়ক, সেতু এবং রেল খাতসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা পুনর্গঠন ও সংস্কার করা হচ্ছে। দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায়। আশা করছি, জনগণের স্বার্থ সুরক্ষার্থে বর্তমান সরকারকে এফআইসিসিআই সর্বাত্মক সহযোগিতা করবে।
এফআইসিসিআইয়ের সভাপতি জাভেদ আখতার বলেন, ‘সততার সঙ্গে ব্যবসা করে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ তৈরিতে অবদান রাখতে চাই। এফআইসিসিআই প্রতিনিধিরা নতুন এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত আছেন।’
বৈঠকে এফআইসিসিআইয়ের অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
