সংবিধান সংস্কার

৭০ অনুচ্ছেদ কমিশন দেখবে আশা অ্যাটর্নির

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ এএম

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি সংবিধান সংস্কার কমিশন দেখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘আমার ব্যক্তিগত মত হচ্ছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণেই কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল।’ এগুলো সংবিধান সংস্কার কমিটিতে যারা আছেন তারা দেখবেন বলে আশাবাদ প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।

গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এসব কথা বলেন।  

সরকারের সংস্কারের উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যে উদ্যোগ নিয়েছেন সেটা গণমানুষের আশা-আকাক্সক্ষা ধারণ করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে বিচার বিভাগ ও সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের একটা দাবি আছে। সেই দাবিটাকে ধারণ করেই উদ্যোগটা নেওয়া হয়েছে।’

বিচার বিভাগের সংস্কার-সংক্রান্ত প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাদের বিচার বিভাগের সংস্কার প্রয়োজন। এ কারণে প্রয়োজন যে, বিচার বিভাগ তার কার্যক্রমে সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে। প্রজাতন্ত্রের অন্য কোনো বিভাগের সঙ্গে বিচার বিভাগকে মেলানোর সুযোগ নেই।’ তিনি বলেন, বিগত সময়ে বিচার বিভাগকে বিতর্কিত করা হয়েছে। এটা মাথায় রেখে বিচার বিভাগের সংস্কার প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত