হামাস সংশ্লিষ্টতার অভিযোগে জার্মানিতে ইসলামিক কেন্দ্র নিষিদ্ধ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম

জার্মানির ব্রান্ডেনবুর্গ রাজ্যের একটি ইসলামিক কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার অভিযান চালানো হয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে কেন্দ্রটির সংশ্লিষ্টতা আছে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মিশায়েল স্ট্যুবগেন।

২০১৮ সালে প্রতিষ্ঠিত ইসলামিক সেন্টার ফ্যুয়র্স্টেনভাল্ডে বা আইজেডএফকে নিষিদ্ধও করা হয়েছে। বার্লিন থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কেন্দ্রটি অবস্থিত। এই কেন্দ্র থেকে আল-সালাম নামের একটি মসজিদ পরিচালনা করা হত। খবর ডয়চে ভেলের।

অভিযানের সময় ওই কেন্দ্র থেকে একটি ল্যাপটপ ও ‘অনেক’ অর্থ উদ্ধার করা হয়। প্রায় ৭০ জন পুলিশ অভিযানে অংশ নেন। কেন্দ্রটি ছাড়াও মসজিদের ইমামদের বাড়িতেও অভিযান হয়েছে। ব্রান্ডেনবুর্গ রাজ্যে নির্বাচনের ১০ দিন আগে এই অভিযান চালানো হলো। নির্বাচনের জরিপে চরম ডানপন্থি, অভিবাসনবিরোধী এএফডি দল এগিয়ে আছে।

মুসলিম ব্রাদারহুডের সঙ্গেও আইজেডএফের সংশ্লিষ্টতা আছে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী স্ট্যুবগেন। ‘সংগঠনটি মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে, ইহুদিবিদ্বেষী আখ্যান ছড়ায় এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে অস্বীকার করে। আমরা এসব মেনে নিতে পারি না।’ বলে মন্তব্য করেন তিনি।

জার্মানি, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ আরো কয়েকটি দেশ হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে বিবেচনা করে। এর আগে জুলাই মাসে হামবুর্গ ইসলামিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। এটি ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘ইসলামি জঙ্গি সংগঠন’ বলে অভিযোগ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত