কাজের বুয়ার বেশে দেড় কোটি মূল্যের হেরোইন নিয়ে যাচ্ছিলেন ঢাকায়

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ পিএম

রাজশাহী থেকে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ঢাকায় নেওয়ার পথে গাজীপুর থেকে গ্রেপ্তার হয়েছেন এক বৃদ্ধা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

গ্রেপ্তারকৃত হলেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িসোম গ্রামের নুর হোসেনের স্ত্রী হোসনেয়ারা বেগম (৬০)।

গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস জানায়, গোপন সূত্রে জানতে পারি রাজশাহী থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে। পরে এসআই হুমায়ুনের নেতৃত্বে একটি দল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলিয়ায় অভিযান করে। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সন্দেহভাজন এক বৃদ্ধা মহিলাকে তল্লাশি করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১৫ টি হেরোইনের পোটলা উদ্ধার করা হয়। যেগুলোর ওজন ১ কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য দেড় কোটি টাকা। পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। সে কাজের বুয়া বেশে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলেন। তার কালীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে একাধিক বাড়ি রয়েছে।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বয়স্ক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার থেকে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে, যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রাজশাহী থেকে ঢাকা ও আশপাশে চালান দেয়ার জন্য মাদকদ্রব্য হেরোইন নিয়ে যাচ্ছিলেন। আমরা আদালতে তার রিমান্ড চাইবো। এতে তার সঙ্গে কারা জড়িত তাদের ধরতে সুবিধা হবে। তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত