ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

ফেনী সদর উপজেলার আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষে সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ছনুয়া ইউনিয়নের লেমুয়া-ছনুয়া রাস্তার মাথা নামক এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামের অনুসারীরা ছনুয়াতে যায়। এসময় সাবেক ছাত্রদল নেতা আহসান সুমন ও ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা নিজাম গ্রুপের সদস্যরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামের অনুসারীদের কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। 

সাবেক ছাত্রদল নেতা আহসান সুমন গ্রুপের হামলার শিকার হয়েছেন- ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেন শিমুল, কালিদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল আলম সৌরভ, গণমাধ্যম কর্মী জাহিদুল আলম রাজন ও এম কাওসার সহ ১০ জন আহত হয়।

পরবর্তীতে জেলা ছাত্রদল তাৎক্ষণিকভাবে ফেনী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি এম. সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। 

এসময় বক্তারা হামলাকারী আহসান সুমনকে চিহ্নিত মাদক কারবারি আখ্যায়িত করে বলেন অনতিবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২ জন ও কোম্পানিগঞ্জ থেকে ১ জনসহ মোট ৩ জনকে আটক করেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংঘর্ষের কারণ বের করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত