সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা দায়ের আইনের শাসন প্রতিষ্ঠা ও স্বাধীন মত প্রকাশের অন্তরায় বলে মনে করে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। একই সঙ্গে সংগঠনের সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন ও আবু সালেহ রনিসহ সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া হত্যা মামলা কোনোভাবেই কাম্য নয়।
এলআরএফ মনে করে, এ ধরনের মামলা আইনের শাসন ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের পূর্বে অভিযোগ যাচাই-বাছাই করার অনুরোধ জানান এলআরএফর নেতৃবৃন্দ। এছাড়া দায়েরকৃত মামলাগুলোতে কোনো সংশ্লিষ্টতা পাওয়া না গেলে সাংবাদিকদের এসব মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানায় এলআরএফ।
