সরকার পতনের দিন জাতীয় সংসদ ভবনে লুটপাটের ঘটনায় দাপ্তরিক ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় ৯০ লাখ টাকা খোয়া গেছে। রবিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারপ্রাপ্ত সচিব জেবুন্নেসা করিমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভা হয় গত ৪ সেপ্টেম্বর। সেই সভায় হারিয়ে যাওয়া টাকা ফেরত পেতে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ বিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং জরুরি ভিত্তিতে ভবনের কিছু মেরামত কাজের তাগিদ দিয়েছেন। সভায় জানানো হয়, দাপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক ৯০ লাখ টাকা হারিয়ে যায়। এ নগদ অর্থ ফেরতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা করে সংশ্লিষ্ট অনুবিভাগপ্রধানের কাছে দাখিল করার সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার নিরাপত্তা জোরদারে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এই তিন কমিটিকে সংসদ ভবন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মালামাল শপথকক্ষে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ, লাইন ও সেট জরুরি ভিত্তিতে মেরামত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে ওই সভায়।
১০০ কোটি নয়, কাজীপাড়া স্টেশন মেরামতে যত টাকা লাগছে