ঘূর্ণিঝড়ে ভিয়েতনামে ২.১ বিলিয়ন ডলার ক্ষতি, কমতে পারে প্রবৃদ্ধি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনাম জুড়ে আনুমানিক ৪০ ট্রিলিয়ন ডং (২.১ বিলিয়ন ডলার) এর ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে চলতি বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে।

পরিকল্পনা ও বিনিয়োগ মন্ত্রণালয়ের একটি অনুমানের বরাত দিয়ে ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই ক্ষতি ২০২৪ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে ০.১৫ শতাংশ পয়েন্ট কমিয়ে দিতে পারে। এছাড়া, তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ০.৩৫ শতাংশ পয়েন্ট কমতে পারে, যেখানে চতুর্থ প্রান্তিকে ০.২২ শতাংশ পয়েন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ভিয়েতনাম সরকার ২০২৪ সালে প্রবৃদ্ধি ৭ শতাংশ করার লক্ষ্যমাত্রা নিয়েছিল।

কয়েক দিনের বৃষ্টিপাত ইয়াগির ধ্বংসযজ্ঞকে আরও বাড়িয়ে তুলেছে, যা ৭ সেপ্টেম্বর দুর্বল হয়ে ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়েছিল। উত্তরাঞ্চল জুড়ে আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে হাজার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো-মেটিওরোলজিক্যাল ফোরকাস্টিংয়ের ওয়েবসাইট অনুসারে, সপ্তাহের শেষে বৃষ্টিপাত ও নদীর পানি কমছে। যদিও পার্বত্য অঞ্চলে ভূমিধসের সতর্কতা রয়ে গেছে।

সরকারের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন। দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে এবং ২ লাখ ৩০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১ লাখ ৯০ হাজার হেক্টরের বেশি ধান, ৪৮ হাজার হেক্টর অন্যান্য ফসল এবং ৩১ হাজার হেক্টর জমির ফলজ গাছ বন্যার পানিতে তলিয়ে গেছে।

কিছু কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট রয়ে গেছে। বন্যা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত