নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউটার্ন নিতে গিয়ে দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, বিকালের দিকে মোটরসাইকেলযোগে কুমিল্লা যাওয়ার পথে ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
