শেখ হাসিনা এলে রাস্তা রক্তে রঞ্জিত হবে: রিজভী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা যতই দেশের কাছাকাছি আসবেন ততই মেঘ কালো হবে। দেশে আবারও অন্ধকার নেমে আসবে। তিনি আসলে রাস্তা রক্তে রঞ্জিত হবে। 

সোমবার দুপুরে বগুড়া সদরের চক আকাশতারা এলাকায় বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ৩ পরিবারের সদস্যদের মাঝে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

তিনি বলেছেন, অসহায় মিসকিনদের প্লট শেখ হাসিনার পরিবার ছিনতাই করেছিল। আওয়ামী লীগ মিসকিনদের জমি আত্মসাৎকারী। এরা শিশু বাচ্চার প্রাণ কেড়ে নিতে দ্বিধাবোধ করে না। শেখ হাসিনা বলছেন আমি দেশের কাছেই আছি। কিন্তু বাংলাদেশের মানুষ মনে করছেন জল্লাদ কাছে আসছেন ফাঁসির দড়ি নিয়ে। ষোল বছর ধরে বাংলাদেশের জনগণের কাঁধের উপর চেপে বসেছিল শেখ হাসিনা। তাকে সরানোর জন্য কচি শিশুরা কাঁধে স্কুল ব্যাগ নিয়ে আন্দোলনে নেমেছিল। পরে হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। 

তিনি বলেন, এ দেশ কখনও জালিমকে ক্ষমতায় রাখে না। সেটা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিলেন।  যখন জনগণ তাকে পছন্দ করেন না তখনই তার ক্ষমতা ছেড়ে দেয়া উচিত ছিল। শেখ হাসিনার ক্ষমতার প্রতি এতটাই লোভ ছিল যে তিনি মানুষ খুন করতে কুণ্ঠাবোধ করেননি। শেখ হাসিনা দেশের টাকা লুট করেছেন। সেই টাকা আজ জনগণের বিরুদ্ধে খরচ করছেন। তার লুট করা টাকাই কেনা অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক দলের জেলানিসহ তার পরিবারের উপর হামলা করা হয়েছে। 

আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত