নিম্নচাপের কারণে গত ৩দিনের অবিরাম বর্ষণে নড়াইল জেলায় কৃষি ও মৎস্যখাতে ১০০ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে মৎস্য বিভাগের আওতায় ৩ হাজারের অধিক পুকুর ও মাছের ঘের ভেসে গিয়ে অন্তত ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অপর দিকে কৃষি বিভাগের আওতায় ৩হাজার ৬শ হেক্টর রোপা আমন, আউশ, সবজি, মরিচ, পান ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ একশ কোটি টাকার বেশি বলে অনুমান করা হচ্ছে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইল জেলায় ১০হাজার পুকুর ও মাছের ঘের রয়েছে। জেলার তিনটি উপজেলাতেই মাছ চাষ হয়ে থাকে। চলতি বছর নড়াইল জেলায় ১৬ হাজার ৬৬০ মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। জেলার মাছের চাহিদা মিটিয়ে প্রায় আড়াই হাজার মেট্রিক টন মাছ বাইরের জেলায় সরবরাহ করা হয়। গত ৩দিনের অবিরাম বর্ষণে নড়াইল জেলার তিনটি উপজেলায় ৩ হাজারের অধিক পুকুর ও ঘের ভেসে গেছে। এসব পুকুর ও ঘেরে চাষকৃত রুই, কাতলা, মৃগেল, মাগুর, কই সহ বিভিন্ন প্রজাতির মাছ বেরিয়ে গেছে। অনেক চাষী বৃষ্টির মধ্যে ঘেরের চারিপাশে নেট দিয়ে ঘিরে ঠেকানোর চেষ্টা করেছে। কিন্তু বৃষ্টির পরিমাণ এতো বেশি ছিলো যে অনেকেই নেট দিয়েও রক্ষা করতে পারেন নি। আবার অনেক ঘেরের আয়তন অনেক বেশি। যার কারণে সাড়ে তিন হাজারের মতো ঘের ভেসে গিয়েছে।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইল জেলায় ৩ হাজার ৬০০ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রয়েছে রোপা আমন, আউশ ধান, বিভিন্ন প্রকারের সবজির ক্ষেত, মরিচের ক্ষেত ও পানের বরজ।
এদিকে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ চাষীদের চরম হতাশা বিরাজ করছে। অনেকের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অধিকাংশ দরিদ্র চাষীরা ধার দেনা ও ঋণগ্রস্থ হয়ে চাষাবাদ করে থাকে।
লোহাগড়া উপজেলার বারইপাড়া গ্রামের আমন চাষী আক্তার হোসেন খান জানান, তিনদিনের অতিবর্ষণে তার দুই একর জমির ধান পানির নিচে চলে গেছে। দ্রুত পানি কমে গেলে ধানের ক্ষেত জেগে উঠবে। সেক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্থ হবে। তারপরও যে ধান হবে তা নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকা যাবে।
নড়াইল সদর উপজেলার বিছালী এলাকার বাসিন্দা আরমান জানান, তাদের এলাকার অনেক জমির ফসল পানির নিচে রয়েছে। অপরিকল্পিতভাবে ঘের কাটার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। যার কারণে কৃষকরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।
সদর উপজেলার রুখালী গ্রামের বাসিন্দা চন্দন বিশ্বাস বলেন, ঘেরের পাশের সিমগাছ ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া এই এলাকার শসা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া টমেটো সহ শীতকালীন সবজির ক্ষতি হয়েছে।
লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পচাশি পাড়ার চাষী রানা জানান, টানা বৃষ্টিতে আগাম সবজি ক্ষেত, মরিচ ক্ষেত, পেপে বাগান মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। আমি ছাড়াও এই এলাকার অন্তত ৫০ জন কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে।
লাহুড়িয়া ইউনিয়ে কর্মরত উপ-সহকারী কৃষি অফিসার মো. ইনায়েত হোসেন বলেন, অতিবৃষ্টিতে লাহুড়িয়া ইউনিয়নে পেপে, লাউ, শমা, সীম, মরিচ, কলোরা সহ বিভিন্ন সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত হওয়ার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ জমির পরিমাণ প্রায় ৪ হেক্টর। এছাড়াও প্রায় ২০ হেক্টর ধানের জমি এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। আমরা সরেজমিন পরিদর্শন করে বিভিন্ন ছত্রাকনাশক সহ যাতে ক্ষতির পরিমাণ কম হয়ে সে ব্যাপারে পরামর্শ দিচ্ছি। এছাড়াও ক্ষতিগ্রস্থ চাষীদের বিভিন্ন ভতুর্কি ও প্রণোদনার আওতায় তালিকা তৈরি করা হচ্ছে।
এদিকে অতিবৃষ্টিতে ঘের ভেসে যাওয়ায় মৎস্য চাষীরা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। সদর উপজেলার রূখালী গ্রামের স্মরণ বিশ্বাস, কামরুল শেখ, মনিরুল কাজী, চন্দন বিশ্বাসসহ অনেক চাষীর মাছের ঘের ভেসে গেছে। এসব ঘেরের মাছ পুরো বিলে ছড়িয়ে পড়েছে। এসব ঘের চাষীরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।
লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু জানান, কুমড়ি সহ আশেপাশের এলাকার অনেক ঘের পানিতে ভেসে গেছে। যার কারণে এসব মৎস্য চাষীদের স্বপ্ন পানিতে ভেসে গেছে। মৎস্য বিভাগ ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে ক্ষতিপুরণ দেয়ার ব্যবস্থা করলে এসব চাষীরা পুনরায় ঘুরে দাড়াতে পারবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মো. আশেক পারভেজ বলেন, অতি বর্ষণে নড়াইল জেলায় ৩ হাজার ৬০০ হেক্টর রোপা আমন ধান, আউশ ধান, বিভিন্ন ধরনের সবজি ক্ষেত, মরিচ ও পানের বরজ নিমজ্জিত ও ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন এলাকায় সরকারি খালগুলি খনন না করায় এবং দখল হয়ে যাওয়ায় এবং অপরিকল্পিতভাবে ঘের নির্মাণ করার কারণে জলাবদ্ধতার তৈরি হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের অধীনে বিভিন্ন এলাকায় ¯স্লুইচ গেট খুলে দেওয়ায় পানি কমে যাবে। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে।
জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জামান বলেন, গত ৩ দিনের অবিরাম বর্ষণে জেলায় ৩ হাজারের অধিক পুকুর ও ঘের ভেসে গেছে। যার কারণে চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ খাল-বিলে চলে গিয়েছে। এতে চাষীদের আনুমানিক ৬০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। নড়াইল জেলায় ১০ হাজারের মতো পুকুর ও ঘের রয়েছে।
লক্ষ্মীপুরে বন্যায় প্রায় ১১ কোটি টাকার ক্ষয়ক্ষতি খামারিদের
লক্ষ্মীপুরে বিশুদ্ধ পানির সংকট
পানির নিচে ক্লাসরুম, হচ্ছে প্রাথমিকের পরীক্ষা
গুলিটি এক-আধ ইঞ্চি পাশে লাগলে বাঁচানো যেত না রাহাতকে
মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ভাড়াটে লোক নিয়ে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সংঘর্ষে আহত ১৫
আরও ৩৮ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ