বোনমাতি এখন সবচেয়ে দামী নারী ফুটবলার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

পুরুষ ফুটবলে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি এখন খেলেন সৌদি আরবের ক্লাবে। ট্রান্সফার মার্কেটের হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়ের শীর্ষ দুজন বার্সেলোনার। এবার জানা গেল নারী ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়ও বার্সেলোনার।

স্পেনের আইতানা বোনমাতি বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নারী ফুটবলার। ২৬ বছর বয়সী বোনমাতি নতুন চুক্তি করেছেন বার্সেলোনার সঙ্গে ২০২৮ পর্যন্ত। স্প্যানিশ লা ত্রিবুনা জানিয়েছে, বার্সেলোনায় বোনমাতির বেতন বছরে ৭ লাখ ৫০ হাজার ইউরো থেকে ১০ লাখ ইউরোর মধ্যে।

নারী ফুটবলারদের বেতন সাধারণত খুব একটা জানানো হয় না। এর আগে ইএসপিএন এর এক রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের নারী ফুটবল লিগ এবং ইংল্যান্ডের নারী লিগে খেলোয়াড়রা বেতন পান বছরে সর্বোচ্চ ৪ লাখ ও ৬ লাখ ইউরো।

বোনমাতির প্রকাশ পাওয়া বেতনের অঙ্কটা সঠিক হলে তিনিই বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া নারী ফুটবলার।

মিডফিল্ডার বোনমাতি বার্সেলোনার হয়ে ২৭৫ ম্যাচে করেছেন ৯৬ গোল। বার্সার হয়ে পাঁচবার লিগ, তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বোনমাতির গোলেই জয় পায় বার্সেলোনা।

বোনমাতি ২০২৩ ফিফার বর্ষসেরা খেলোয়াড়, একই বছর পান ব্যালন ডি'অর পুরস্কারও। স্পেনের বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন বোনমাতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত