বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছর ধরে বিএনপি ও দেশের জনগণের ওপর স্ট্রিম রোলার চালিয়ে গেছে স্বৈরাচার শেখ হাসিনা। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে দেশে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। কিন্তু কেউ গণতন্ত্রকে লুট করার চেষ্টা চালালে প্রতিহত করা হবে
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘এখন মুক্ত বাতাসে আমরা সমাবেশ করার, কথা বলার সুযোগ পাচ্ছি। অনেক ত্যাগ তিতীক্ষার মধ্য দিয়ে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারের পতন হয়েছে। কেউ গণতন্ত্রকে লুট করার চেষ্টা চালালে প্রতিহত করা হবে। বর্তমান এ সরকারের মধ্যেও অনেক ফ্যাসিবাদের লোক বসে আছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা যেন গণতন্ত্র নসাৎ করতে না পারে।
বিএনপির সমাবেশ ঘিরে দুপুরের আগেই রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। নয়াপল্টন প্রকম্পিত করে তোলেন তারা। বিএনপির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করেন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
