সার্চ কমিটির সদস্য মহিউদ্দিনকে ক্রীড়া মন্ত্রণালয়ের শোকজ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম

গত রবিবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে আসন্ন বাফুফে নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেন তরফদার রুহুল আমিন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার দায়ে কারণ দর্শানো ও ব্যাখ্যা তলব করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গঠিত সার্চ কমিটির সদস্য ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুলের কাছে।

বিগত শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২৯ আগস্ট দেশের ক্রীড়াঙ্গনে বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে সংস্কার প্রস্তাব দিতে একটি সার্চ কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

পাঁচ সদস্যের সার্চ কমিটিতে আহ্বায়ক করা হয় সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানাকে। সদস্য হিসেবে রাখা হয় সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, প্রধান উপদেষ্টার উপ–প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল এবং ক্রীড়া সাংবাদিক মন্টু কায়ছার।

এ বিষয়ে মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনার (মহিউদ্দিন আহমেদ বুলবুল) এরূপ আচরণ অনভিপ্রেত ও অপ্রত্যাশিত এবং আপনার এরূপ আচরণে সার্চ কমিটি তথা সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে তুলেছে। আপনার এহেন আচরণে সরকার বিব্রত।’

আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখা জানতে চাওয়া হয়েছে মহিউদ্দিন আহমেদের কাছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত