গোপনে প্রভাব বিস্তার

ফেসবুক-ইনস্টাগ্রামে নিষিদ্ধ একাধিক রুশ সংবাদমাধ্যম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম

গোপনে অনলাইনে প্রভাব বিস্তার করতে প্রতারণামূলক উপায়ের আশ্রয় নেয়ার অভিযোগে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বেশ কয়েকটি সংবাদমাধ্যম নিষিদ্ধ করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডস। এসব সোশ্যাল মিডিয়ার মালিকানা প্রতিষ্ঠান মেটা। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মেটার বিবৃতিতে বলা হয়, বেশ কিছু বিষয় বিবেচনা করে আমরা রাশিয়ার আরও কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি। রোশিয়া সেগোদনিয়া, আরটি ও সংশ্লিষ্ট অন্যান্য সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে বৈশ্বিকভাবে আমাদের অ্যাপে নিষিদ্ধ করা হলো। অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপের তৎপরতা চালানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে মেটার অ্যাপে একাধিক রুশ সংবাদমাধ্যমকে নিষিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, এমন পদক্ষেপ নিয়ে মেটা নিজেদের কলঙ্কিত করছে। রুশ সংবামাধ্যমের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ একেবারেই অগ্রহণযোগ্য।

বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, মেটার সর্বশেষ নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বিষয়টি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে। যদিও দুই বছর আগে রুশ সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করে মেটা। তারা বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার পাশাপাশি ‘রিচ’ও কমিয়ে দেয়।

এর আগে ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো নিষিদ্ধ করার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও ইউক্রেন। সে আহ্বানে সাড়া দিয়েছিল মেটা।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত