চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার লড়াই শুরুর আগে রিয়াল মাদ্রিদ শিবিরে একদিকে এসেছে কিছু সুখবর, অন্যদিকে ইনজুরির কারণে রয়েছে চাপ। চোট কাটিয়ে জুড বেলিংহ্যাম, চুয়ামেনি এবং এদের মিলিতাও মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, যা রিয়ালের জন্য স্বস্তির খবর। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের প্রত্যাবর্তন হতে পারে।
তবে দলের চোট সমস্যা এখনও মেটেনি। মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা এবং দানি সেবায়োস এখনও মাঠে নামতে পারেননি। ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজও চোটের কারণে এই বছর আর খেলতে পারবেন না। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি এই চোটের জন্য অতিরিক্ত ব্যস্ত সূচিকেই দায়ী করছেন।
আনচেলত্তি বলেন, "সূচি খুবই আটোসাটো। আমরা কি করতে পারি তা আমরা দেখেছি, তবে এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। নতুন চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটে দুটি অতিরিক্ত ম্যাচ যুক্ত হয়েছে, আর ক্লাব বিশ্বকাপও সম্প্রসারিত হয়েছে। খেলাগুলোর সংখ্যা কমানোর জন্য আমি আহ্বান জানাই, যেন প্রতিযোগিতাগুলো আরও আকর্ষণীয় হয়।"
চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে ৩২ দলের জায়গায় এবার ৩৬ দল অংশ নিচ্ছে, এবং প্রতিটি ক্লাবকে নকআউট পর্বে পৌঁছাতে আটটি ম্যাচ খেলতে হবে। এর আগে ছয়টি ম্যাচেই শেষ ষোলো নিশ্চিত করা যেত। এবার শেষ ষোলোতে পৌঁছাতে হলে শীর্ষ আট দল সরাসরি কোয়ালিফাই করবে, আর নবম থেকে ২৪তম অবস্থানে থাকা দলগুলোকে অতিরিক্ত প্লে-অফ ম্যাচ খেলতে হবে। এতে অনেক ক্লাবকেই নকআউট পর্বে পৌঁছানোর জন্য দশটি পর্যন্ত ম্যাচ খেলতে হবে।
রিয়াল মাদ্রিদের জন্য এই মৌসুমটি ব্যস্ততম হতে চলেছে, কারণ তারা সাতটি ভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। লা লিগা, কোপা দেল রে, সুপারকোপা, চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি দলটি ফিফার নতুন ফরম্যাটে ক্লাব বিশ্বকাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপেও খেলবে। সবমিলিয়ে এই মৌসুমে রিয়ালকে ৭১টি ম্যাচ খেলতে হতে পারে।
লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকারও সম্প্রতি ব্যস্ত সূচির সমালোচনা করেছেন। তার মতে, চ্যাম্পিয়ন্স লিগের সম্প্রসারণে খেলোয়াড়দের কল্যাণ যথাযথভাবে বিবেচনা করা হয়নি। রদ্রির মতো অনেক খেলোয়াড়ই এখন অতিরিক্ত ম্যাচের কারণে ক্লান্তিতে ভুগছেন, এবং ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে ভাবা উচিত বলে মনে করছেন তারা।
আনচেলত্তির মতে, ফুটবলের কর্তৃপক্ষের এখন ম্যাচের সংখ্যা কমানোর দিকে মনোযোগ দেওয়া উচিত, যাতে খেলোয়াড়েরা ফিট এবং প্রস্তুত থাকতে পারে।
এত্তো ম্যাচ! ফুটবলাররা ধর্মঘটে যেতে পারে, সতর্ক করলেন রদ্রি
সুপারকম্পিউটার এবারও ম্যানসিটিকে চ্যাম্পিয়ন দেখছে