চট্টগ্রামে প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর গ্রামের পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
প্রয়াত বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক কার্যকরী সভাপতি ছিলেন। আজ দুপুর ২ টার দিকে হামলার পর ফেসবুকে স্ট্যাটাসে এ জানিয়ে থানায় অভিযোগ করেছেন তার স্ত্রী সেলিনা খান।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, ‘সাবেক এমপি মইন উদ্দীন খান বাদলের কবরে কিছু দুর্বৃত্ত ভাঙচুর ও আগুন দিয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে।’
সাবেক এই এমপির স্ত্রী সেলিনা খান বিকালে সাংবাদিকদের বলেন, ‘দুপুর ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে এসে আমার স্বামীর কবরস্থানের ওপরের গাছ, ফটক ও নামফলক ভাঙচুর করে। এরপর কবরের ওপর আগুন ধরিয়ে দেয়। এ সময় আমরা কেউ ছিলাম না। থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
আক্ষেপ করে তিনি বলেন, ‘একটি নিরপেক্ষ সরকারের আমলে একজন মৃত মানুষ কবরেও শান্তিতে থাকতে না পারে, তাহলে আমরা কোথায় যাব? আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
মইন উদ্দীন খান বাদল ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা যান। সারোয়াতলীর বাড়ির পাশে তাকে কবর দেওয়া হয়।
গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও ইসলামী ব্যাংকের এজেন্ট 