দিন যত যাচ্ছে সাড়াদেশে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত রোগী বেড়েছে দ্বিগুণ।
গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচ ডেঙ্গুরোগী।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২, ঢাকা উত্তর সিটিতে ১৮৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭, খুলনা বিভাগে ৭২ ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন রয়েছেন।
এদিকে গত একদিনে সারা দেশে ৬৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৮৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ২০ হাজার ২১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১৩ জনের।
এছাড়া, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গেল আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। আগস্টে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৫২১ জন এবং ২৯ জনের মৃত্যু হয়েছিল। সে তুলনায় সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৭৩ জনে এবং এ মাসে ডেঙ্গুতে মারা গেছে ২৭ জন।
