সাময়িক স্থগিত পঞ্চবার্ষিক পরিকল্পনা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম

পঞ্চবার্ষিক পরিকল্পনা সাময়িক স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, সরকার বর্তমান ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে অগ্রসর হবে না। আমরা এটা সাময়িকভাবে স্থগিত করছি। আমরা এখনই এটা নিয়ে ভাবছি না।

বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান তিনি।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা আজ অনুষ্ঠিত হয়।

পরে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশের অর্থনীতি নিয়ে নতুন চিন্তাভাবনার পাশাপাশি অর্থের উৎস অনুসন্ধানের জন্য সরকার সম্প্রতি একটি টাস্কফোর্স গঠন করেছে। টাস্কফোর্স তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সরকার টাস্কফোর্স রিপোর্টের জন্য অপেক্ষা করবে না। আমাদের এর জন্য অপেক্ষা করতে হবে না, আমরা দ্রুত বাস্তবায়নের জন্য কিছু নতুন প্রকল্প প্রস্তুত করছি।

বিগত বছরগুলোতে দেশ বেশ কিছু অবকাঠামো নির্মাণ প্রকল্প প্রত্যক্ষ করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, মানবসম্পদ বিশেষ করে শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। সুতরাং এই বিষয়ে আমাদের খুব দ্রুত কিছু করতে হবে।

অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিতের বিষয়ে জানতে চাইলে ড. ওয়াহিদউদ্দিন বলেন, বাস্তবে অর্থ মন্ত্রণালয় প্রণীত জাতীয় বাজেটের সঙ্গে এই পরিকল্পনার কোনো মিল নেই। এটি নতুন করে পরিকল্পনা স্থগিত করার বিষয় নয়, কারণ এটি ইতিমধ্যেই স্থগিত রয়েছে।

নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে স্পষ্টতই পরবর্তী রাজনৈতিক সরকার তাদের পছন্দ অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করবে সম্ভবত বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের বা উন্নত দেশে পরিণত করার জন্য... আমরা কোনো বড় রাজনৈতিক পদক্ষেপ নেব না। পঞ্চবার্ষিক পরিকল্পনা এমন একটি দলিল, যা রাজনৈতিক সরকারের নির্দেশনা এবং দর্শনকে অন্তর্ভুক্ত করে, যেটা  আমাদের উচিত নয়।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন একনেক সভায় ২০২০ সালের ২৯ ডিসেম্বর অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (জুলাই ২০২০-জুন ২০২৫) অনুমোদিত হয়েছিল। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার পর, এটি ‘বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১’ বাস্তবায়নের প্রথম নথি হিসেবে কাজ করছে।

৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা একটি সুবিশাল নীতি এবং কৌশলগত নথি, যা সপ্তম পঞ্চবার্ষিক পরির্কপনায় করা অগ্রগতির মূল্যায়ন থেকে শুরু করে পরিমাণগত এবং গুণগত লক্ষ্য অর্জনের জন্য সামষ্টিক অর্থনৈতিক কাঠামো এবং খাতওয়ারী সুনির্দিষ্ট কৌশলগুলোর মধ্যে বিস্তৃত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত