ফার্নেস অয়েল, জেট ফুয়েলের দামও ঠিক করবে বিইআরসি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম

আগামী মাস থেকে ফার্নেস অয়েল এবং উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট ফুয়েল/জেটএ-১) দামও নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল বুধবার এ-সংক্রান্ত এক আদেশ জারি করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। এতদিন এই দুই জ্বালানির দাম নির্ধারণ করে আসছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

জ্বালানি বিভাগের নতুন এই আদেশ জারির ফলে বিপিসি শুধু ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করবে প্রতি মাসে। যদিও এসব জ্বালানির মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসিকে দেওয়ার জন্য সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল থেকে নতুন করে দাবি উঠছে। বিষয়টি প্রক্রিয়াধীন বলে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সূত্র জানিয়েছে।

২০০৩ সালে এনার্জি রেগুলেটরি কমিশন আইন পাসের মাধ্যমে নিরপেক্ষ ও আধাবিচারিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয়। গ্যাস ও বিদ্যুতের বিতরণ কোম্পানিগুলোর জবাবদিহি এবং ভোক্তার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত বিইআরসি মূলত ২০০৯ সালে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ১৩টি প্রবিধানমালা প্রণয়ন করা হয়েছে। আর ১২টি প্রবিধানমালা এক যুগেরও বেশি সময় ধরে অনুমোদনের অপেক্ষায় ঝুলে রাখা হয়েছে।

বিইআরসি আইনে সব ধরনের জ্বালানির দাম নির্ধারণের এখতিয়ার দেওয়া হলেও প্রবিধানমালা ঝুলে থাকায় শুধু গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করে আসছিল বিপিসি। একই সঙ্গে বিভিন্ন ধরনের জ¦ালানি তেল বিক্রির পাশাপাশি এর দামও নির্ধারণ করে আসছে বিদ্যুৎ, জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থটি। বিষয়টিকে সাংঘর্ষিক উল্লেখ করে বিভিন্ন সময়ে জ্বালানির দাম নির্ধারণের একক ক্ষমতা বিইআরসিকে দেওয়ার দাবি উঠলেও তা আমলে নেয়নি আগের সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত